কক্সবাজারের টেকনাফে সংঘটিত চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফ (২৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। পরে সেখানে জিয়াবুল হক ও তার সহযোগী নেওয়াজ শরীফ জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের পরিবার টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ রাত ৯টা ৩০ মিনিটে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রামাদা হোটেলের সামনে থেকে মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেওয়াজ শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া (৯নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তার পিতা আমির আলী।র্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।