কক্সবাজারের টেকনাফ উপজেলায় সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ধাপে ১,৭০২ জন কৃষককে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা সমন্বয় ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভায় এই তালিকা অনুমোদন করা হয়।
এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, কৃষক কার্ড বিতরণ একটি চলমান প্রক্রিয়া। যারা বিভিন্ন কারণে প্রথম ধাপে তালিকাভুক্ত হতে পারেননি, তারা পরবর্তীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। তবে কেউ যদি তথ্য গোপন করে তালিকাভুক্ত হয়ে থাকেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, প্রকৃত কৃষকদের মধ্যেই কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। কৃষক কার্ডধারীরা কার্ড নম্বরের ভিত্তিতে নির্ধারিত ক্রেডিট সুবিধা পাবেন। তবে এই অর্থ সরাসরি উত্তোলন করে অন্য খাতে ব্যয় করা যাবে না; বরং সরকার নির্ধারিত ডিলারের কাছ থেকেই কৃষি উপকরণ ক্রয় করতে হবে।
এ উদ্দেশ্যে টেকনাফে ইতোমধ্যে ৪টি অনুমোদিত ডিলার নির্ধারণ করা হয়েছে। নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট কৃষকের কার্ড বাতিল করা হবে এবং প্রয়োজনে ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ডিলার ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নির্বাচনী ইশতেহারের অংশ। সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, প্রথমবারের মতো টেকনাফ উপজেলার রাজারছড়া এলাকার তিনটি অঞ্চলের ১,৭০২ জন কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে উপজেলার সকল ইউনিয়নে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।