কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. রাসেল (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. রাসেল কক্সবাজারের টেকনাফ থানাধীন নাপমুরা পাড়া গ্রামের আঃ গফুরের ছেলে। তার মায়ের নাম রশিদা।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ‘শাকেরের ঘের’ এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।
এ সময় ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। পরে টহল দল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার কাছ থেকে পাওয়া একটি পোটলা তল্লাশি করা হয়।
তল্লাশিতে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ১০টি কাট থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও ঘটনাস্থল থেকে আর কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাসেল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।