কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গিখালী দারুন উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সরকারি অর্থায়নে নির্মিতব্য চারতলা নতুন একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনা করেন মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নাছির উদ্দীন রাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের পাঁচবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। বিশেষ বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফরিদুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ সময় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, রঙ্গিখালী দারুন উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ২০০৪ সালে এ মাদ্রাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। ভবিষ্যতেও ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষার মাধ্যমে সেই গৌরব ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান তারেক রহমানের সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। রঙ্গিখালী মাদ্রাসার অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও ভালো ফলাফল অর্জনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।