কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইকং উত্তরপাড়ায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুটেরও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রইকং উত্তরপাড়ার ওমর হাকিমের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে গৃহবধূ “ক”(১৯) একা ছিলেন। তার স্বামী সে সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা প্রথমে বাড়ির স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। পরে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে আবুল কাশেম প্রকাশ হাছিম ও জাহাঙ্গীর তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় আরও কয়েকজন বাইরে অবস্থান করে পাহারা দিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় আবুল কাশেম প্রকাশ হাছিম, জাহাঙ্গীর, হায়াত ও আমির হোছনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তাদের সঙ্গে আরও ৫-৬ জন সহযোগী ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জের (আইসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জানিয়েছে, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।