কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়ো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) টেকনাফ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, হ্নীলা ইউনিয়নের গমছাড়ো এলাকার ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে।
পরে সংবাদের সত্যতা যাচাই এবং মাদক উদ্ধারে স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতরে একটি খাটের নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
একই অভিযানে বাড়ির অপর একটি কক্ষে তল্লাশি চালিয়ে মোহাম্মদ আমিন নামে আরও একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অভিযান শেষে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মাদক ও টাকা জব্দতালিকামূলে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।