কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে।
সোমবার (০৪ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গোলা।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে নৌবাহিনীর একটি বিশেষ দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় অভিযান চালায়। অভিযানের সময় ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ০৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ০১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সময় অভিযানস্থল থেকে ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। পাশাপাশি আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।