কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক নারীসহ দুই ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। নিখোঁজের দুই দিন পর গত ৭ সেপ্টেম্বর দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন হলেন—কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মনোয়ারা বেগম (৪৫) ও শমসু আলম (৩৫)।
র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ঈদগাঁও থানাধীন এলাকা থেকে মনোয়ারা বেগম নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি র্যাবের কাছেও আইনগত সহায়তা চাওয়া হয়।
এদিকে, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র মনোয়ারা বেগমকে জিম্মি করে তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। পরে আরও টাকা দাবি করে অপহরণকারীরা দুই ভিকটিমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।
বিষয়টি জানতে পেরে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে শাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা বেগম ও শমসু আলমকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর র্যাবের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈদগাঁও থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।