কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকাকে ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে দ্বিখণ্ডিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সাবরাং নয়াপাড়া বাজারের প্রধান সড়কে কচুবনিয়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধন করার কারণে টেকনাফ মহাসড়ক ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে সাবরাং ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের কচুবনিয়া এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি ওয়ার্ড বিভক্তির উদ্যোগে তাদের ঐতিহ্যবাহী এলাকাটিকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে একই এলাকার বাসিন্দা, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়ে পড়বেন।
তারা বলেন, “আমরা ওয়ার্ড বিভক্তির বিপক্ষে নই, আমরা এলাকার বিভক্তির বিপক্ষে। যে ওয়ার্ডে কচুবনিয়া এলাকা অন্তর্ভুক্ত হবে, পুরো এলাকাকে একই ওয়ার্ডের আওতায় রাখতে হবে।”
কচুবনিয়ার স্থানীয় বাসিন্দা ইউনুস গাজী বলেন, কচুবনিয়া এলাকাটির একাংশ নয়াপাড়া, লাপারঘোনা ও গুলাপাড়ার সঙ্গে এবং অপর অংশ কাঁটাবনিয়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, এভাবে এলাকা বিভক্ত করা হলে স্থানীয়দের মধ্যে বিভাজন তৈরি হবে এবং ভবিষ্যতে নেতৃত্ব ও প্রতিনিধিত্বের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, “আমাদের এলাকা দ্বিখণ্ডিত করে কোনো স্বার্থান্বেষী মহল সুবিধা নেওয়ার চেষ্টা করলে আমরা তা মেনে নেব না। কচুবনিয়াকে কোনোভাবেই দ্বিখণ্ডিত হতে দেব না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরো কচুবনিয়া এলাকাকে একই ওয়ার্ডের আওতায় রাখার ব্যবস্থা করা হোক।”
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য স্থানীয় বাসিন্দারাও বলেন, ওয়ার্ড পুনর্বিন্যাসে তাদের আপত্তি নেই। তবে কোনোভাবেই একটি এলাকাকে দুই ওয়ার্ডে বিভক্ত করা মেনে নেব না। এতে একই পরিবারের সদস্য, পিতা-পুত্র, আত্মীয়-স্বজন ও দীর্ঘদিনের প্রতিবেশীদের ভিন্ন ভিন্ন ওয়ার্ডের ভোটার হতে হবে, যা সামাজিকভাবে নানা সমস্যার সৃষ্টি করতে পারে।
বক্তারা আরও বলেন, কচুবনিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক বন্ধন অক্ষুণ্ন রাখতে এলাকাটিকে একক ওয়ার্ডের আওতায় রাখা প্রয়োজন।
তারা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে কচুবনিয়া এলাকাকে দ্বিখণ্ডিত না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, “স্বার্থের জন্য গ্রামের ঐক্য নষ্ট করতে দেওয়া হবে না। কচুবনিয়া দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত মানি না, মানবো না।”