কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ)-এর একটি চৌকস আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়া সাকিনস্থ নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মানবপাচারের শিকার পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা মানবপাচারকারীরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ওই পাঁচজনকে নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য মধ্যম কচ্ছপিয়া এলাকায় একত্রিত করেছিল।
তবে র্যাবের অভিযান টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া পাঁচ ভিকটিম ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত মানবপাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।