মাদককে সমাজের জন্য ‘মরণ নেশা’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
সোমবার বিকেল ৪ টায় টেকনাফে আয়োজিত মাদকবিরোধী র্যালিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত র্যালিতে পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, “মাদক একটি মরণ নেশা। এটি ক্যান্সারের মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা যদি মাদককে ‘না’ বলতে পারি, তাহলে সমাজে সুস্থতা ফিরে আসবে এবং আমাদের সন্তানরা সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।”
তিনি বলেন, একটি পরিবারে একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবারই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে। মাদকের কারণে একটি সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। তাই কেউ চুপ না থেকে কাঁধে কাঁধ মিলিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে টেকনাফকে মাদকমুক্ত করা সম্ভব।
মাদকসেবী, কারবারি ও গডফাদারদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, “মাদক যারা সেবন করে, যারা কারবার করে এবং যারা গডফাদার হিসেবে জড়িত—তাদের তথ্য আমাদের দিন। আপনাদের পরিচয় ও তথ্য গোপন রাখা হবে। আপনাদের সঙ্গে নিয়ে আমরা টেকনাফে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ওসি সাইফুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা আশা করি টেকনাফে আর মাদক থাকবে না। সবাই সহযোগিতা করলে টেকনাফকে মাদকমুক্ত সমাজে পরিণত করা সম্ভব হবে এবং আমাদের সন্তানরা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।”
তিনি মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।