কক্সবাজারের টেকনাফে সাবরাং ট্যুরিজম পার্কের নথিভুক্ত সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক পরিচয়দানকারী তারেক জামিলের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় ছাত্রদল নেতারা।
সাবরাং ট্যুরিজম পার্কের সহকারী পরিচালক জুলহাস আহমেদ অভিযোগ করে বলেন, সাবরাং ট্যুরিজম পার্কের নথিভুক্ত সরকারি জমিতে তারেক জামিল নামে এক ব্যক্তি দোকান নির্মাণ করছেন। তিনি টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক পরিচয় দিয়েছেন। দোকান নির্মাণে বাধা দেওয়া হলেও তিনি কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
জুলহাস আহমেদ আরও বলেন, “সাবরাং ট্যুরিজম পার্কের সরকারি জমি দখল করে ব্যক্তিগতভাবে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। আমরা তাঁকে বাধা দিয়েছি, কিন্তু তিনি আমাদের কথা মানছেন না। কী কারণে এবং কার ইন্ধনে তিনি দোকান নির্মাণ করছেন, তা এখনো আমাদের জানা নেই।”
তিনি বলেন, সরকারি জমি রক্ষায় পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ অব্যাহত থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, সাবরাং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হুদা বলেন, সাবরাং ট্যুরিজম পার্ক একটি গুরুত্বপূর্ণ পর্যটন সম্ভাবনাময় সরকারি এলাকা। সেখানে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে জমি দখল করে দোকানপাট নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ।
তিনি আরও বলেন, “যেই হোক না কেন, ছাত্রদলের পরিচয় দিয়ে কেউ সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাবরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামাল হোসেন জানান,সে যে দলের হোক না কেন,সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ,তার বিরুদ্ধে সংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত।
এই বিষয়ে ছাত্রদল নেতা তারেক জামিল বলেন, জায়গাটি সরকারি নথিভুক্ত জমি এটি ঠিক। তবে তাঁর দাবি, তাঁরা যে জায়গায় দোকান নির্মাণ করছেন, সেটি পার্কের আওতাধীন নয়। সে আরো বলেন এই দোকান গুলো বড় ভাই করতেছে,সেখানে আমাকে জড়ানো কোন কারণ নেই।
সাবরাং ট্যুরিজম পার্কের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের অভিযোগের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।