কক্সবাজার জেলার কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তবে অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল কলাতলী মোড় থেকে ইনানীগামী সড়কের মুখে অবস্থান নেয়। বিশেষ করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাজার গেট সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করছে—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা মাদকভর্তি দুটি বস্তা ফেলে রেখে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।