নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামে এক জেলে আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার পূর্ব দিকে নাফ নদীর মিয়ানমার জলসীমায় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের মাছ ধরা থেকে বিরত থাকতে ধাওয়া দেন বলে দাবি করেন জেলেরা।
পরে জেলেরা সেখান থেকে বাংলাদেশ জলসীমার দিকে ফিরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় একটি গুলি ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।পরে সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর সুইচ গেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, ‘বিকেলে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেন। পরে বাংলাদেশ জলসীমায় ফিরে আসার সময় তারা গুলি ছোড়েন। এতে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে এ ঘটনার পর সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।