কক্সবাজারের টেকনাফকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১১টায় টেকনাফ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “আজ থেকে টেকনাফকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদকমুক্ত ঘোষণা করলাম।” তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানান। একইভাবে কোথাও শিশুশ্রম দেখলে প্রতিবাদ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে শাহজাহান চৌধুরী বলেন, মাদক কারবারীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না,যেখানে মাদক কারবারি দেখবেন সেখানে পিটিয়ে আইনের হাতে তুলে দিবেন। জনগণকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন আপনাদের সাথে আমরা আছি আইনশৃঙ্খলা বাহিনী আছে,তাদেরকে ভয় পেতে হবে না। এলাকায় মাদক কারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে আইনের আওতায় আনার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, টেকনাফকে মাদকমুক্ত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, টেকনাফকে মাদক, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে না পারলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক, সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী এবং ‘নতুন কুঁড়ি’ বিজয়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে মাদক, বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় উপস্থিত সবাই “মাদককে না বলি, বাল্যবিবাহকে না বলি, শিশুশ্রমকে না বলি”—এই অঙ্গীকার করেন।