কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস)-এর দুটি বড় চালান নৌপথে বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর দ্বীপের সদস্যরা টেকনাফ থানাধীন জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কয়েকটি বনের কাঠের বোটে করে পালিয়ে যায়। পরে ওই দুটি বোটে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতর অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সব মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যাবাহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।