কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও চার যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তরশিলখালী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টেকনাফের একটি ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন অনেকে। খেলা শেষে টেকনাফমুখী মানুষের পাশাপাশি সড়কে যানবাহনের চাপও বেড়ে যায়।এ সময় টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে উত্তরশিলখালী এলাকায় মেরিন ড্রাইভ সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন টেকনাফের সাবরাং এলাকার মোহাম্মদ শাহিন, মুন্না ও আকিল। তাদের মধ্যে আকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।বাকী দুইজনের চিকিৎসা কক্সবাজার হাসপাতালে চলমান রয়েছে।
এদিকে, সিএনজিতে থাকা চার যাত্রীও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “কক্সবাজার স্টেডিয়ামে টেকনাফের খেলা থাকায় টেকনাফ থেকে বিপুলসংখ্যক মানুষ খেলা দেখতে গিয়েছিলেন। খেলা শেষে একসঙ্গে অনেক মানুষ টেকনাফের দিকে ফিরছিলেন। মেরিন ড্রাইভ সড়কে অতিরিক্ত যানবাহনের চাপের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।”
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি মেরিন ড্রাইভ সড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানবাহনের চাপের সময় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন তারা।