কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে জামাল মালিকানাধীন ওই মার্কেটে আগুন লাগার ঘটনায় ওয়ালটনের বড় শোরুম, রঙের দোকান, ব্যাংক, বিকাশসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের দিকে হ্নীলা বাজারের জামাল মালিকানাধীন মার্কেটে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে মার্কেটের একটি রঙের দোকানে আগুন দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে রাত ৯টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মার্কেটে ওয়ালটনের একটি বড় শোরুম ছাড়াও রঙের দোকান, ব্যাংক, বিকাশের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। অগ্নিকাণ্ডে এসব প্রতিষ্ঠানের মালামাল, আসবাবপত্র ও স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ঠিক কতটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তদন্ত ও হিসাব-নিকাশের পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।
এদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার দাবি জানিয়েছেন।