কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়া বাজারে টাওয়ার থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় ছয় মাস ধরে রবি ও এয়ারটেলের ইন্টারনেট সেবা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, নয়া পাড়া বাজার ও আশপাশের এলাকায় রবি ও এয়ারটেলের টাওয়ার স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে সেটির কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এসব অপারেটরের সিম ব্যবহারকারী গ্রাহকরা মোবাইল ডাটা ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
নয়া পাড়ার স্থানীয় বাসিন্দা ও টেকনাফ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস শরিফ বলেন, “দীর্ঘ ছয় মাস ধরে এলাকায় টাওয়ার থাকা সত্ত্বেও সেটির কার্যক্রম বন্ধ। এতে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করা প্রয়োজন।”
এলাকার বাসিন্দা ওমর বলেন, “নয়া পাড়া বাজার ও এলাকায় অন্যান্য ইন্টারনেট সেবা থাকলেও রবি ও এয়ারটেলের ইন্টারনেট সেবা প্রায় ছয় মাস ধরে বন্ধ। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। অথচ এই সময়ে এসে আমাদের ইন্টারনেট সেবা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রবি ও এয়ারটেলের ইন্টারনেট সেবা চালু করার দাবি জানাই।”
স্থানীয় দোকান ব্যবসায়ী ঈসা বলেন, “নয়া পাড়া এলাকার বেশিরভাগ মানুষের মোবাইলে রবি ও এয়ারটেলের সিম ব্যবহার করে। টাওয়ার থাকার পরও গত প্রায় ছয় মাস ধরে কোনো ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। টাওয়ারটি যেন সম্পূর্ণ অচল হয়ে আছে। আমরা নিয়মিত মোবাইল ডাটা ব্যবহার করি এবং বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু দীর্ঘদিন ধরে ইন্টারনেট না থাকায় খুবই কষ্টের মধ্যে আছি।”
স্থানীয়রা জানান, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনলাইনভিত্তিক ব্যবসা, মোবাইল ব্যাংকিং, যোগাযোগসহ বিভিন্ন দৈনন্দিন কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীরা বেশি ক্ষতির মুখে পড়ছেন।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কর্তৃপক্ষ দ্রুত নয়া পাড়া এলাকার টাওয়ারের ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং রবি ও এয়ারটেলের ইন্টারনেট সেবা স্বাভাবিক করবে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।