টেকনাফে অব্যাহত অপহরণ বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান মানববন্ধন ও অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী।
বৃহস্পতিবার তিনি কর্মসূচিস্থলে উপস্থিত হয়ে অনশনরত শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদের সঙ্গে কথা বলেন এবং তার উত্থাপিত দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি টেকনাফে অপহরণ, জননিরাপত্তা সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী বলেন, টেকনাফের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণের মতো অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
মানববন্ধন ও অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, টেকনাফের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অপহরণ ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপহরণমুক্ত টেকনাফ গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, তাদের উত্থাপিত দাবিগুলো শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টেকনাফে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।