কক্সবাজারের টেকনাফে অপহরণ, মানব পাচার, ইয়াবা কারবার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের লক্ষ্যে নিরাপদ সীমান্ত আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নিরাপদ সীমান্ত আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ আলম, রুবায়েদ হোসাইন, ইয়াছিন আরাফাত ও মুহাম্মদ বাহাউদ্দীন আরো অনেকে।
অন্যদিকে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফি, মোহাম্মদ রাসেল, গিয়াস উদ্দিন ভুলু, নাছির উদ্দিন রাজ, আমান উল্লাহ আমান, সাইফ উদ্দিন মামুন, আব্দুর রহমান, ওবায়দুল রহমান, মোহাম্মদ তোফাইল ও ফারুকুর রহমান।
মতবিনিময় সভায় নিরাপদ সীমান্ত আন্দোলনের প্রতিনিধিরা বলেন, টেকনাফকে অপহরণ, মানব পাচার, ইয়াবা ব্যবসা ও চোরাচালানমুক্ত করতে তারা দীর্ঘদিন ধরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই; এটি সম্পূর্ণভাবে জনস্বার্থে পরিচালিত একটি সামাজিক উদ্যোগ।
সভায় সাংবাদিকরা তাদের মতামতে বলেন, টেকনাফে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে। তারা বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে মাদক কারবারি বা অপরাধীদের স্থান দেওয়া উচিত নয়। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধে জড়িত ব্যক্তিদের শিক্ষক বা দায়িত্বশীল পদে রাখা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত সবাই টেকনাফকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।