কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে পাচারকালে ১ লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা।
আটক ব্যক্তি হলেন কক্সবাজার সদর থানার পরানীপাড়া পিএমখালী গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।
মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,(গত ২৭ জুলাই)রাত আনুমানিক ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে কালো পলিথিনে মোড়ানো ছোট-বড় ১৬টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।