টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া সংলগ্ন পূর্ব পাহাড়ি এলাকায় সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বার (২৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পাহাড়ি এলাকায় ওই দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
এর আগের দিন রাতেও তাদের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায়ও বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া এলাকায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অপহরণ, মানব পাচার ও ইয়াবার বড় বড় চালানের সঙ্গে জড়িত। এসব অপরাধকে কেন্দ্র করেই প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটছে।গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
বাহারছড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, “আজ সন্ধ্যায় জুম্মা পাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগের দিন সন্ধ্যাতেও গোলাগুলির খবর পেয়েছি। আমার এলাকার জনগণ বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে।”
বাহারছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।