
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ৫ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলাবারুদ এবং এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে সাবরাং এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা জব্দ করে,কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT