
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান পরিচালনা করে একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় গুলি উদ্ধারের ঘটনায় সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়) এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় পাহাড়ের পাদদেশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করেও অস্ত্রটির মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে পৃথক অভিযান চালায় র্যাব। উপস্থিত সাক্ষীদের সহায়তায় অভিযান চালিয়ে সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়।
পরে বিধি অনুযায়ী তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচের শেড নম্বর ০৬৮৭, রুম নম্বর ০৬-এর বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।
র্যাব-১৫ জানায়, উদ্ধার করা পরিত্যক্ত অস্ত্র এবং তাজা গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT