
মাছভর্তি একটি মিনি পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারের সময় ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পিকআপের চালক মো. শফিক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। একপর্যায়ে গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকা পরীক্ষা করার সময় চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহল দল ধাওয়া করে তাকে আটক করে।
তল্লাশির সময় অতিরিক্ত চাকার ভেতর কালো কস্টেপ দিয়ে মোড়ানো ২৩টি মিনি প্যাকেট থেকে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. শফিক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আলী আহমদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদকের মূল সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, "বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT