
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় সশস্ত্র চোরাকারবারি দল নাফ নদী দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখ দুপুর ২টা ১৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া সীমান্তবর্তী নাফ নদীর শূন্য লাইনের কাছে জেলের ছদ্মবেশে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় টহলরত বিজিবির একটি বিশেষ দল দ্রুত নাফ নদী সংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নিয়ে সশস্ত্র গ্রুপটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সশস্ত্র দলটিও কয়েক রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে তারা নৌকাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি খালি জি-থ্রি ম্যাগাজিন, তিনটি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পাউচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট মারিস সিগারেট উদ্ধার করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৩০ মে ২০২৬ তারিখে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাব্যিক চর এলাকায় দুই জেলের কাছ থেকে গুলি ছুড়ে ইয়াবা ছিনিয়ে নেওয়া সশস্ত্র দলটির সদস্যরাই পালংখালীর এ ঘটনায় জড়িত ছিল।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির জনবল মোতায়েন ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষ ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সব সময় কঠোর অবস্থানে থেকে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT