
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্রসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি ফিশিং বোটসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মো. মুত্তাকীন সিদ্দিকী। তিনি বলেন, শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশ নেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালানো হলে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে পাচারের চেষ্টা করছিলেন।
এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জব্দ করা সিমেন্ট, পাচারে ব্যবহৃত ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT