
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়া পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরা পাড়া জালিয়া পাড়ায় এ আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ১৪টি পরিবারের ত্রিপল ও টিনশেড দিয়ে তৈরি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দার মোঃ নাছির বলেন, হাশিমন দাশ নামে এক জেলের বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে জেলে, দিনমজুর ও সেলুন দোকানদারসহ ১৪টি পরিবারের সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বসতঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছে।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT