
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ৭২ হাজার ইয়াবা ও মিয়ানমারের ১১ হাজার কিয়াত মুদ্রা উদ্ধার একই সাথে দুইজন মাদককারবারিকে আটক করেছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা,সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র সম্পদের সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এদিকে একই দিনে সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো গোপন কক্ষ থেকে ৩০ হাজার পিস ইয়াবা,একটি মোবাইল ফোন এবং ১১ হাজার কিয়াত মুদ্রা উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,দেশের উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT