কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, “আজ থেকে টেকনাফ বন্দরের কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি জনগণের দাবির প্রেক্ষিতেই করা হয়েছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সীমান্ত বাণিজ্য জোরদারের লক্ষ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় টেকনাফ বন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, বন্দরের কোনো কার্যক্রমে রোহিঙ্গারা অংশ নিতে পারবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, “শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই স্থানীয় প্রশাসনের কাছ থেকে নাগরিক সনদ গ্রহণ করে এখানে কাজ করতে পারবে। বাইরের কোনো ব্যক্তি বন্দরের কার্যক্রমে অংশ নিতে বা পরিচালনা করতে পারবে না। নাগরিকত্ব সনদ বাধ্যতামূলক করা হয়েছে।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি রোহিঙ্গা অনুপ্রবেশে জড়িত থাকে বা এ বিষয়ে দোষী প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
All rights reserved © 2025 SaibalNews.Com
Developed By: Azad Web IT